Author: আব্দুল্লাহ আল মাসুম
বিচারহীনতার কামড়
আব্দুল্লাহ আল মাসুম
নৃশংস থাবায় ছিন্নভিন্ন শৈশবের পবিত্র জামা,
বার্ধক্যের শরীর জুড়েও আজ নরপশুর হানা।
সভ্যতার এই উলঙ্গ মঞ্চে ধর্ষক আজ বীর,
আর বিচার চেয়ে নিভৃতে কাঁদে অগণিত নীল শির।
প্রকাশ্য দিবালোকে যখন ছিঁড়ে ফেলে নারীর সম্ভ্রম,
তোমাদের আইন তখনো কি করবে সস্তা বিলম্ব?
ক্ষমতার ছায়ায় ঢাকা পড়ে যায় পৈশাচিক সেই মুখ,
বিচারের নামে তামাশা দেখে ফেটে যায় মানুষের বুক।
প্রতিটি রক্তাক্ত কামিজ আজ এক একটি জ্বলন্ত প্রশ্ন,
কেন আজো মুক্ত ঘোরে ওই কামাতুর জঘন্য দস্যু?
চাই না মোমবাতি মিছিল, চাই না মিছে শোকের মেলা,
ধর্ষকের ফাঁসি না হলে থামবে না এই রক্তের খেলা।
হে সমাজ,
তোর বিবেক কি তবে ধর্ষিত হয়েছে আজ?
তাই কি অন্যায়ের প্রতিবাদে করতে তোর এত লাজ?
যদি আজো না জাগে রুদ্র রোষ,
যদি না আসে প্রতিকার,
তবে ভেঙে ফেলো সব আদালত, মুছে দাও এই অন্ধকার!
রক্তাক্ত যোনি আর বিদীর্ণ আঁচল সাক্ষী এই মাটির,
বিচারহীনতার এই শ্মশান কি তবে নরকেরই পরিপাটি?
